
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৫নং চরমহল্লা ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম দিন দিন সক্রিয় হয়ে উঠছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউনিয়ন গ্রাম আদালত।
গ্রাম আদালতের মাধ্যমে প্রত মাসে ১৮ হাজার ও ৪ হাজার টাকা—মোট ২২ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে। এর ফলে স্থানীয় জনগণ অল্প সময়ে, স্বল্প খরচে এবং নিজ ইউনিয়নেই বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের প্রতি আস্থা ও আগ্রহ বাড়ছে।
গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা ও অগ্রগতি পর্যবেক্ষণের সময় উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ, প্রশাসনিক কর্মকর্তা পিংকু দাস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা বিকাস এবং ইউপি সদস্য সালহে আহমেদ।
সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা গেলে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় থেকেও অনেকটা রেহাই পাওয়া সম্ভব হবে।
স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করতে চরমহল্লা ইউনিয়নে গ্রাম আদালতের এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।