
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভূঁইগাঁও গ্রামের বুকেরভাঙ্গা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রুমেল আহমেদ রুবেল (২৪)। তিনি সিলেটের বিয়ানীবাজার থানার সাইদনাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন জিন্দাবাজারের জল্লারপারে বসবাস করেন। অপরজন সুমন আহমদ (২৮)। তিনি সুনামগঞ্জের দিরাই থানার সরমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন শেখঘাট এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ভূঁইগাঁও গ্রামের বুকেরভাঙ্গা নামক স্থানে মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ছাতক থানার এফআইআর নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬ এবং জিআর নং-২৩৫, তারিখ ৯ আগস্ট ২০২৬-এর একটি মামলা রয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।