
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। পৃথক এসব অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের জনৈক সেলিমের বসতঘরের বারান্দা থেকে ছালেক আহমদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মোঃ শামছুর রহমানের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ছাতক থানার এসআই মুহাম্মদ শরীফুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ২ নভেম্বর ২০২৬ তারিখে ছাতক থানার মামলা নং-০১ হিসেবে রুজু করা হয়েছে।
অন্যদিকে, ছাতক থানা পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ছাতক উপজেলার শারফিননগর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মোঃ মুজিবুর রহমান (৩৫) এবং রাড়ীগাঁও গ্রামের মৃত হাছন আলীর ছেলে আকদ্দুছ আলী।
পুলিশ জানায়, মুজিবুর রহমানের বিরুদ্ধে জিআর-২৬১/২৫ ও জিআর-৩১/২৬ নম্বর মামলা এবং আকদ্দুছ আলীর বিরুদ্ধে জিআর-৩৭৩/২৫ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ছাতক থানার এসআই মুহাম্মদ শরীফুল আলম, এএসআই ইমাম আহাদসহ পুলিশের একাধিক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই মাসুদ মিয়া, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই ফিরোজ হাসানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধীদের গ্রেপ্তারে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।