
পরিবেশ রক্ষায় পৌরসভাজুড়ে হবে সবুজায়ন, উদ্বোধন করেন প্রশাসক মো. মহিউদ্দিন
ছাতকের সংবাদ ডেক্স
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুনামগঞ্জের ছাতক পৌরসভায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় আগামী ছয় মাসে পৌর এলাকায় ১ হাজারটি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে ছাতক পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কের পাশে ও উপযুক্ত এলাকায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
পৌরসভা সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ছাতক পৌরসভার প্রশাসক জনাব মো. মহিউদ্দিন।
ছাতক পৌরসভার বাস্তবায়নে নেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য হলো পৌর এলাকার পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করা।
সংশ্লিষ্টরা জানান, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
ছাতক পৌরসভা, ছাতক, সুনামগঞ্জ কর্তৃপক্ষের এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী ছয় মাসে পৌর এলাকায় নতুন করে এক হাজার গাছ যুক্ত হবে। এতে ছাতক পৌরসভা আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।