
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে বহুল প্রতীক্ষিত ৪ লেন সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। প্রায় ৯৯ কোটি ২৭ লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক ট্রাফিক পয়েন্টে কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কের ৯ কিলোমিটার ৩০০ মিটার থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত অংশ ৪ লেনে উন্নীত করা হবে। প্রকল্পটির ব্যয় ৯৯ কোটি ২৭ লাখ ৬ হাজার ৭৯০ টাকা ৫ পয়সা এবং বাস্তবায়নকাল ১৮ মাস।
প্রকল্পে ডিভাইডার, বাসস্টপ, ফুটপাত, নালা, সংযোগস্থল উন্নয়ন, সড়ক নির্দেশক ও সংকেত স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতক সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেন, উপসহকারী প্রকৌশলী জুনাইদ মিয়া, ছাতক থানার ওসি মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সড়কটি নির্মিত হলে ছাতকের যানজট কমার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ ও পণ্য পরিবহন সহজ হবে বলে স্থানীয়রা আশা করছেন।