

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিআই পিকআপ গাড়িসহ মোঃ রুকন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত ৩টা ৩০ মিনিটের দিকে ছাতক থানাধীন ৯নং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম-এর দিকনির্দেশনায় জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) দেবাশীষ শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কৈতক পয়েন্টে ইকবাল ভেরাইটিজ স্টোর নামক ভূষিমালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রুকন মিয়াকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রুকন মিয়া ছাতক উপজেলার হরিশ্বরন গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এ ছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা গাড়িসহ গ্রেফতারকৃত আসামিকে ছাতক থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply