

নিম্নমানের ব্লক, কাদামাটি দিয়ে ভরাট ও অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ
ছাতক উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ব্লক তৈরি, কাদাযুক্ত মাটি দিয়ে সড়ক ভরাট এবং অবৈধভাবে নদী ও কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে সরবরাহের অভিযোগে প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সরকারের ১৭৪ কোটি টাকার প্রকল্পের স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল) প্রায় এক মাস আগে সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়নের কাজ শুরু করেছে। প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা সেতুর চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক দুই লেনে এবং সেখান থেকে ছাতক বাজার পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। দুই অংশের কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৪ কোটি টাকা।
সড়কের বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য মাধবপুর লালপুল এলাকায় প্রায় আড়াই লাখ ব্লক তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ইতোমধ্যে শারফিনটিলার মরা লাল পাথরের সঙ্গে ভবন ভাঙার কংক্রিট, নিম্নমানের বালি ও সিমেন্ট ব্যবহার করে প্রায় ২০ হাজার ব্লক তৈরির অভিযোগ উঠেছে।
এ ছাড়া সড়ক সম্প্রসারণে কাদাযুক্ত মাটি ব্যবহার, ময়লা-আবর্জনার ওপর মাটি ফেলে ভরাট এবং নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে সরবরাহের অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যথাযথ নিয়মে মাটি ভরাট ও কম্প্যাকশন না করা হলে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ দেবে যেতে বা ভেঙে পড়তে পারে।
অন্যদিকে, রাতের আঁধারে সুরমা নদী থেকে অবৈধভাবে ভিটমাটি উত্তোলন করে সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজীবাড়ি এলাকায় মজুত রাখার অভিযোগ উঠেছে। এসব মাটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পে সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
এ ঘটনায় সিলেট সদর উপজেলার বাসিন্দা চমক আলীর বিরুদ্ধে অবৈধভাবে মাটি উত্তোলন ও সরবরাহের অভিযোগ উঠেছে। এর আগে ২০২৫ সালে ছাতকের লালপুল এলাকা থেকে একটি ড্রেজারসহ এর মালিক হাবিবকে আটক করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলে জানা গেছে। সম্প্রতি কাজীবাড়ি এলাকায় মজুত করা ভিটমাটি নিয়ে অভিযান পরিচালনা করেন বিশ্বনাথের সহকারী কমিশনার (ভূমি) শিহাব বিন আমিন।
অভিযোগ অস্বীকার করে চমক আলী বলেন, ছাতক সুরমা সেতুর চত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত শুধু মাটি ভরাটের কাজ তিনি করছেন। ভেজা মাটির কারণে সোমবার রাত থেকে কর্তৃপক্ষ তার কাজ কয়েক দিনের জন্য বন্ধ রেখেছে। আগামী এক মাস পর আবার কাজ শুরু করবেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের ডিপিএম এবং সাইট ইঞ্জিনিয়ার সজল হাওলাদার বলেন, নির্ধারিত পাথর দিয়েই ব্লক তৈরি করা হচ্ছে এবং নিয়মিত পানি দিয়ে পাথর ধুয়ে নেওয়া হচ্ছে।
ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন বলেন, ভোলাগঞ্জের কোয়ারি বন্ধ এবং সুনামগঞ্জে সাদা পাথর না পাওয়ায় শারফিনের পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে। রাতে পাথর আনা হলে পরদিন সকালে ধুয়ে কাজে ব্যবহার করা হয়। তার ভাষ্যমতে, কাজের শতভাগ না হলেও ৯৫ শতাংশ ভালো হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রকল্পের কাজের শুরুতেই ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। ব্লক তৈরির উপকরণ পরীক্ষাগারে পরীক্ষা, মাটি ভরাটের মান যাচাই এবং অবৈধভাবে নদী ও কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কয়েক লাখ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Leave a Reply