

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-৩২(০৭)২৬-এর এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চারজনকে আটক করা হলে তাদের প্রত্যেকের দেহ তল্লাশি করে ১০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. সাহেদ (২৭), পিতা: আজির উদ্দিন, গ্রাম: নানশ্রী; ইমাম উদ্দিন (২৫), পিতা: মনির উদ্দিন, গ্রাম: আমেরতল; মো. হাসান (২৫), পিতা: ওয়ারিছ আলী, গ্রাম: মুক্তিরগাঁও এবং জহুর উদ্দিন (২২), পিতা: সধন নুর, গ্রাম: বুবরাপুর। তারা সবাই ছাতক উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ছাতক থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে ছাতক থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
পুলিশের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে।
Leave a Reply