

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক বাজারে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ছাতক পৌরসভার উদ্যোগে বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে ব্যবসা পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১৪টি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ১৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে বাজার এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জনসাধারণের চলাচলের পথ স্বাভাবিক রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ছাতক পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, যানজট নিরসন, সড়ক দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনস্বার্থে—সড়ক দখলমুক্ত ও যানজটমুক্ত ছাতক বাজার গড়ার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply