

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
একটি সমাবেশকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই শনিবার (৮ আগস্ট) সকাল থেকে থানা পয়েন্টসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার দিরাই থানা পয়েন্টে সমাবেশ করে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
এর পরিপ্রেক্ষিতে শনিবার পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাছির উদ্দিন চৌধুরীর ছোট ভাই মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা। এ কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরাও সমর্থন জানান।
পাল্টা সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত পক্ষের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। শুক্রবার রাতে দিরাই থানা পয়েন্টে তারা প্রতিবাদ মিছিল বের করেন। ফলে শনিবারের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই থানা পয়েন্ট ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
পরিস্থিতি বিবেচনায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুরোধে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড এবং পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সভা-সমাবেশসহ জনসমাগমের ওপর ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তবে ১৪৪ ধারা জারির পরও থানা পয়েন্ট এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীদের মিছিল ও পাল্টা মিছিল করতে দেখা যায়। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানা পয়েন্টসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করে মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অসক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদারসহ অনেকে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “দিরাই শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করলেও এখন পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিছিলের পর এক পক্ষ সমাবেশ শুরু করলেও এখন পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দিরাই শহরে দিনভর রাজনৈতিক উত্তেজনা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply