

নিজস্ব প্রতিবেদক: সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজের ছয় মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান গত ১৮ আগস্ট চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা আগামী চার বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করে গ্রাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবেন। চার বছর মেয়াদি এ বৃত্তিতে প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন। ফলে চার বছরে প্রত্যেক শিক্ষার্থীর জন্য মোট ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি নিশ্চিত হয়েছে। এ বৃত্তি তাদের উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সঙ্গে রয়েছে হোস্টেল সুবিধাও।
জানা গেছে, চলতি বছর AOTD Math & Science Summer School প্রোগ্রামে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে উইমেন্স মডেল কলেজের ১০ জন শিক্ষার্থী সেভরন বাংলাদেশের স্পন্সরশিপে অংশগ্রহণ করেন। এক মাসব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন পরীক্ষা, একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
প্রোগ্রামে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বিভিন্ন পরীক্ষা ও পুরো মাসের কার্যক্রমে পারফরম্যান্স বিবেচনায় মোট সাতজন শিক্ষার্থীকে এ মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রদান করা হয়। এর মধ্যে ছয়জনই উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী।
স্কলারশিপপ্রাপ্ত উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থীরা হলেন—নাফিসা সাব্বির চৌধুরী আনিকা, আয়শা সিদ্দিকা, সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি ও সুমাইয়া খান রুবাইয়া।
অন্যদিকে একই স্কলারশিপ পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি।
এ অসাধারণ সাফল্যে উইমেন্স মডেল কলেজে আনন্দের সৃষ্টি হয়েছে। কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর এক যৌথ বিবৃতিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তাদের এ অর্জন উইমেন্স মডেল কলেজের পাশাপাশি সিলেটের নারী শিক্ষার ক্ষেত্রেও একটি গৌরবের বিষয়।
উল্লেখ্য, গত বছরও একই প্রোগ্রামের আওতায় উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী তছলিমা ও বুশরা স্কলারশিপ পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এ বছর আরও ছয় শিক্ষার্থীর স্কলারশিপ অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।
Leave a Reply