

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক সোনালী সিলেট-এর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া। পেশাগত দায়িত্ব পালনে অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার রাতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিক মোহাম্মদ জাকারিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সিলেটের সম্পাদক ও প্রকাশক মো. হুমায়ুন কবির, বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস এবং ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাকীম ফারুক আহমদ নোমান। তারা সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার হাতে পত্রিকার পরিচয়পত্র তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যমের মূল শক্তি হলো সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। একজন সাংবাদিকের দায়িত্ব শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের কথা বলা এবং সত্যকে সঠিকভাবে পাঠকের সামনে উপস্থাপন করাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা মোহাম্মদ জাকারিয়া তার নতুন দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে দৈনিক সোনালী সিলেটে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নতুন দায়িত্ব পাওয়া সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি মানুষের কথা বলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে সঠিক তথ্য তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। নতুন দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, মানুষের প্রত্যাশা ও সম্ভাবনার কথা তুলে ধরে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
Leave a Reply