

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে বেদে সম্প্রদায়ের লোকজনের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম ও সাধারণ মানুষের আইনি অধিকার বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নোয়ারাই ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রাম আদালতের ছাতক উপজেলা কো-অর্ডিনেটর প্রসেনজিৎ বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে বেদে সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে গ্রাম আদালতের উদ্দেশ্য, কার্যক্রম, এখতিয়ার ও সাধারণ মানুষ কীভাবে সহজে এবং স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধের সমাধান পেতে পারেন—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার সুযোগ, প্রয়োজনীয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় বেদে সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা ও স্থানীয় বিরোধের বিষয়ে তাদের কথা শোনা হয় এবং প্রয়োজন অনুযায়ী গ্রাম আদালতের মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পরে উপস্থিত বেদে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উঠান বৈঠকে সাপুড়ে সর্দার জালালীসহ বেদে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির সুযোগ সম্পর্কে মানুষকে জানাতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply